• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ যে কোনো সময় অস্থিতিশীল হতে পারে

   ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশের মানুষকে বিভক্ত করে সংঘাতময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, যেকোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে।

তিনি বলেছেন, আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি, সারা দেশের মানুষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রিয়, আরেকটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রেমিক নয় বা দেশদ্রোহী। এটাকে এভাবে বিভাজিত করছে যে, আওয়ামী লীগ সরকারের সময় যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে- তারা দেশ প্রেমিক। এদের সংখ্যা কম নয়, অর্ধেকের কাছাকাছি হতে পারে। বাকি যারা নির্যাতিত হননি- তারা দেশপ্রেমিক নন; আর যারা পুরস্কৃত হয়েছেন- তারা দেশদ্রোহী।

মঙ্গলবার ১৭ ডিসেম্বর দুপুরে বনানীতে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের।

তিনি বলেন, উপদেষ্টাদের মধ্যে অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের অনেকে সৎ- দেশের জন্য কাজ করছেন। কিন্তু একটি অদৃশ্য শক্তি তাদের কাজের মধ্যে থাকছে। মনে হচ্ছে- তারা একরকম কাজ করছে, হচ্ছে আরেক রকম।

জিএম কাদের বলেন, প্রতিহিংসা আমাদের শেষ করতে হবে, অর্ধেক জনগোষ্ঠীকে শেষ করবেন, আর বাকি অর্ধেক নিয়ে দেশ চালাবেন- এটা কি সম্ভব হবে? যারা এই দিবাস্বপ্ন দেখছেন, তাদেরকে আমি বলব- সামনের দিকে তাকিয়ে দেখুন কোথায় কী হয়। 

আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে বলে মনে হচ্ছে না মন্তব্য করে জি এম কাদের বলেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করতে গেছি, কালকে বক্তব্য শুনে মনে হলো আপনারা রিফর্ম করতে পারছেন না। রিফর্ম করতে গেলে এটা পার্লামেন্টে করতে হবে এবং পার্লামেন্টে সব দলের সহযোগিতা ছাড়া এটা পাস করানো সম্ভব হবে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেন, সংবাদপত্রে আমাদের উপর রেস্ট্রিকশন আছে; শেখ হাসিনার আমলে অনেক সংবাদপত্র স্বাধীনভাবে লিখেছে, এখন সেই সংবাদমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারছে না। আমরা এই আন্দোলনে ছিলাম। প্রতিদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজকে দেশের মানুষ যে বৈষম্যের কথা বলে, আমি চার-পাঁচ বছর আগে থেকে এই বৈষম্যের কথা বলে আসছি।

তিনি বলেন, আমরা দাবি করছি- আমরা নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছাড়া দেশে শান্তি আসবে না। দেশে যে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে, যে হানাহানির পরিবেশ তৈরি করা হয়েছে; সেই পরিবেশ সামনের দিকে দেশকে একটা বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। যারা এটা বোঝেন- তারা যা মনে করার করেন, আমাকে পাগল মনেও করতে পারেন; কিন্তু আমি যেটা বলেছি, দেশটা সামনে সেদিকেই যেতে পারে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই