আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা : পলক

আদালত প্রতিবেদক
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় জুনাইদ আহমেদ পলককে। প্রিজন ভ্যানে থাকা সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন- কেমন আছেন? জবাবে প্রিজন ভ্যানের ভিতর থেকে পলক বলেন, ‘দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বোবা।’
মঙ্গলবার ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে পুলিশি পাহারায় চুপচাপভাবে প্রিজনভ্যানে ওঠেন পলক। এরপর আরও কয়েকজনকে ওঠানো হয় সেই গাড়িতে। ভ্যানটি ছাড়ার পর ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকান সাবেক প্রতিমন্ত্রী। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন- ‘আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা।’
দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে।
কয়েকজন গণমাধ্যমকর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই ইন্টারনেট আছে? এ প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- ‘আপনারা ভালো আছেন’, ‘আপনারা ভালো থাকলেই ভালো।’







