• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মিরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০৬:১০ পি.এম.
মিরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ভুইয়া ওরফে শান্ত। ছবি: সংগৃহীত
মিরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ভুইয়া ওরফে শান্ত। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় গুলির ঘটনার পর একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ব্যবহৃত কার্তুজ, দু’টি তাজা কার্তুজ এবং একটি গুলির অংশবিশেষ সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মো. কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি। তার বয়স ২৪ বছর।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় টহলরত পুলিশ সদস্যরা মেট্রোরেলের ২৫২ ও ২৫৩ নম্বর পিলারের মাঝামাঝি চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশে গুলির শব্দ শুনতে পান। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কাওছারকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে তাকে মিরপুর মডেল থানায় নিয়ে গিয়ে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার কাওছার দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে পরিকল্পনা করছিলেন। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তার বিশ্বাস অর্জনের চেষ্টা করেন তিনি।

একপর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়ে সাইফুল ইসলামের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে থাকেন কাওছার। এর মাধ্যমে তিনি ভুক্তভোগীর কাছাকাছি যাওয়ার সুযোগ পান বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার দিন হামলার আগে কাওছার ভুক্তভোগীর পাশে বসে চা পান করেন। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

গুলিতে গুরুতর আহত হন সাইফুল ইসলাম সিজু (৪০)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের ভাষ্য, মিরপুর-১০ নম্বর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ এবং পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।

ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। 

মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কাওছারকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার তথ্য যাচাই করা হচ্ছে। এর আগে একই ঘটনায় দায়ের করা মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার পেছনের মূল কারণ, হামলার পরিকল্পনা এবং জড়িত অন্যদের বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ঘোষণা আছে বাস্তবায়ন নেই, হকারদের দখলেই রাজধানীর ফুটপাত
নিহত সাইফুল ইসলাম সিজু। ছবি: সংগৃহীত
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি
চকবাজারের পোস্তা এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান। ছবি: ভিওডি বাংলা
চকবাজারে পলিথিন কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা