বেপরোয়া গাড়িতে মিলল ১শ’ কেজি গাঁজা, চালক পলাতক

রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রায় ১০০ কেজি গাঁজাসহ একটি নিশান জিপ গাড়ি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, আফতাবনগরের ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক বাড্ডা জোনের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া। এ সময় রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপ গাড়িকে থামার সংকেত দেওয়া হয়।
পুলিশের সংকেতে থামালেও চালক মুহূর্তেই গাড়িটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা গাড়িটি তল্লাশি চালিয়ে এর পেছনের অংশ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী। তিনি জানান, উদ্ধার হওয়া মাদক ও জব্দকৃত গাড়ির বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য