উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমারসহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় প্রকাশিত সাপ্তাহিক ধারণাগত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের সংলগ্ন উজান এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ১৯ থেকে ২৩ জুলাই তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এতে আরও বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়তে পারে। তবে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চল সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ফেনী, মুহুরি, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী তিন দিনে কমতে পারে। পরবর্তী সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও সামগ্রিকভাবে এসব নদীর পানির স্তর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য