ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানে সর্বশেষ দফার সামরিক অভিযানে নির্ভুল অস্ত্র ব্যবহার করে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করে সংস্থাটি। খবর আলজাজিরার।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এ ছাড়া, হরমুজ প্রণালি ও এর আশপাশে অবস্থানরত ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সেন্টকম আরও দাবি করেছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়।
তবে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। এ ঘটনার পর বাহরাইনসহ কয়েকটি আরব দেশ ইরানের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য