• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বেলুচিস্তানে পুলিশ চৌকিতে হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ১০:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারত জেলায় একটি পুলিশ চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) রয়েছেন।

কর্মকর্তারা জানান, সোমবার গভীর রাতে মাঙ্গি ড্যাম এলাকায় অবস্থিত পুলিশ চৌকিতে সশস্ত্র হামলাকারীরা আক্রমণ চালায়। পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুললেও একপর্যায়ে হামলাকারীরা চৌকির ভেতরে প্রবেশ করে।

জিয়ারতের ডেপুটি কমিশনার আবদুল কুদ্দুস আছাকজাই জানান, এখনো পাঁচ পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অভিযান চলছে।

বেলুচিস্তান সরকারের উপদেষ্টা শহীদ রিন্দ বলেন, হামলার পর চালানো যৌথ অভিযানে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) ১৫ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্যদের মধ্যে মাঙ্গি ও কাওয়াস থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সন্ত্রাসবিরোধী বাহিনীর একজন কর্মকর্তা রয়েছেন।

হামলার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কোয়েটা-জিয়ারত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে গুরুত্বপূর্ণ কোয়েটা-ঝোব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বহু যানবাহন আটকা পড়ে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি হামলার নিন্দা জানিয়েছেন। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা এবং দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং প্রদেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না।

এদিকে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, জুন মাসে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ৩১ শতাংশ কমেছে। মে মাসে ৭১টি হামলার ঘটনা ঘটলেও জুনে তা কমে ৪৯টিতে নেমে এসেছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা বৃদ্ধির শঙ্কায় ইউরোপজুড়ে উচ্চ সতর্কতা
তাপমাত্রা বৃদ্ধির শঙ্কায় ইউরোপজুড়ে উচ্চ সতর্কতা
দামেস্কে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার। ছবি: সংগৃহীত
দামেস্কে ফরাসি প্রেসিডেন্টের হোটেলে বিস্ফোরণ, আহত ১৮
ছবি: সংগৃহীত
প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ