চড়া দামেও মিলছে না ‘জানা নায়াগান’এর টিকিট

মুক্তির আগেই তুমুল উন্মাদনা ছড়িয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়ের নতুন সিনেমা ‘জানা নায়াগান’। অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই ভারতের বিভিন্ন শহরের একাধিক প্রদর্শনীর টিকিট মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। এমনকি কিছু প্রেক্ষাগৃহে একটি টিকিটের মূল্য ২ হাজার ৫০০ রুপি হলেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি।
এইচ বিনোথ পরিচালিত ছবিটি আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রায় ৭ মাস পিছিয়ে মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে আগ্রহের আরেকটি বড় কারণ, এটিই রাজনীতিতে পূর্ণকালীনভাবে যোগ দেওয়ার আগে বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি, কেরালাসহ ভারতের বিভিন্ন শহরে ইতোমধ্যে অগ্রিম বুকিং শুরু হয়েছে। বেশিরভাগ স্থানে তামিল সংস্করণের টিকিটের দাম ১০০ থেকে ৮০০ রুপির মধ্যে থাকলেও বেঙ্গালুরুর কিছু প্রেক্ষাগৃহে প্রিমিয়াম আসনের মূল্য ১ হাজার রুপিরও বেশি রাখা হয়েছে।
এর মধ্যে সিনেপলিস নেক্সাস শান্তিনিকেতন প্রেক্ষাগৃহে রিক্লাইনার আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ রুপি, যা এখন পর্যন্ত ‘জন নায়াগান’-এর সর্বোচ্চ টিকিট মূল্য হিসেবে জানা গেছে।
দাম বেশি হলেও দর্শকদের আগ্রহ কমেনি। ৮০০ থেকে ১ হাজার রুপি মূল্যের প্রিমিয়ার শোগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। এমনকি ভোর ৬টা ৩০ মিনিটের বেশ কয়েকটি প্রদর্শনীও দ্রুত ‘হাউসফুল’ হয়ে যায়।
অন্যদিকে তামিলনাড়ুতে সরকারি নির্ধারিত মূল্যসীমা অনুসরণ করা হচ্ছে। চেন্নাইয়ে টিকিটের সর্বোচ্চ মূল্য ১৯০ রুপি এবং সর্বনিম্ন ৫৪ রুপি রাখা হয়েছে। তবুও দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। কামালা সিনেমাস জানিয়েছে, বুকিং চালু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা ১০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে।
শুধু ভারতেই নয়, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারেও ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, বুকিং শুরুর প্রথম এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে।
কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জানা নায়াগান’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিথা বাইজুসহ আরও কয়েকজন তারকা। চলতি বছরের জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্সর-সংক্রান্ত জটিলতার কারণে তা পিছিয়ে যায়। পরে কিছু দৃশ্য সম্পাদনা ও সংলাপে পরিবর্তন আনার পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘এ’ সনদ পেয়ে আগামী ২৩ জুলাই মুক্তির জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে ছবিটি।
সূত্র: দ্য ইকোনোমিকস টাইমস
ভিওডি বাংলা/তা








মন্তব্য