• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্যার্তদের পাশে তৌসিফ

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৭:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। সেই তালিকায় এবার যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরির পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন।

জানা গেছে, চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য একটি ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তা করেছেন এই অভিনেতা। তার এক ভক্তের উদ্যোগে পরিচালিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে অনুদান দিয়ে দুর্গত মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

তৌসিফ মাহবুবের ভক্ত মোহাম্মদ ইমন জানান, দেশের চলমান বন্যা পরিস্থিতিতে তারা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ মাহবুব নিজেই তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ত্রাণ কার্যক্রমে সহযোগিতার জন্য অর্থ প্রদান করেন।

ইমন বলেন, 'আমরা মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালী এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করব। বিষয়টি জানার পর তৌসিফ ভাই একটি উল্লেখযোগ্য অঙ্কের অর্থ সহায়তা করেছেন। পাশাপাশি ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণের ব্যবস্থাপনাতেও সহযোগিতা করেছেন।'

তিনি জানান, প্রায় এক হাজার মানুষের জন্য শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং নারীদের জন্য জরুরি স্বাস্থ্যসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।

ইমনের ভাষ্য, তৌসিফ মাহবুব শুধু এবারই নয়, অতীতেও বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে নীরবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনকি ব্যক্তিগতভাবেও অনেককে সহযোগিতা করেছেন। নিজের উদাহরণ টেনে তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে তার পড়াশোনার পুরো খরচও বহন করেছিলেন এই অভিনেতা।

এ বিষয়ে তৌসিফ মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। তবে মানবিক দায়িত্বের কথা উল্লেখ করে অভিনেতা বলেন, ‘শুধু আমি একা নই, এমন দুর্যোগে যাদের সামর্থ্য আছে তাদের সবারই বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি পাশে থাকার। আমার এই ক্ষুদ্র অনুদান দেওয়া দেখে যদি বাকিরাও অনুপ্রাণিত হয়ে তাদের পাশে এসে দাঁড়ান, সেটাও অনেক কাজে দেবে।’

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত
‘জুরাসিক পার্ক’ খ্যাত তারকা স্যাম নিল আর নেই
ছবি: সংগৃহীত
এক পর্দায় দেখা যাবে রণবীর সিং ও ববি দেওলকে