• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের মৃত্যুবার্ষিকী আজ

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রে হাসির এক অনন্য নাম দিলদার। সিনেমার পর্দা থেকে শুরু করে দর্শকের ঘরের অন্দরমহল নিজের অসাধারণ অভিনয় আর সহজাত কৌতুকবোধ দিয়ে দীর্ঘদিন বিনোদন দিয়েছেন তিনি। ২০০৩ সালের ১৩ জুলাই, ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল কোটি দর্শক ও ভক্তের হৃদয়ে। পরে রাজধানীর ডেমরার সানারপাড়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দিলদারের জন্ম ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুর জেলার সদর উপজেলার শাহতলী গ্রামে। এসএসসি পাস করার পরই প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের ইতি টানেন তিনি। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী রোকেয়া বেগম। তাদের সংসারে রয়েছে দুই কন্যাসন্তান।

১৯৭২ সালে ঢাকাই চলচ্চিত্রে পথচলা শুরু হলেও, তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা 'কেন এমন হয়', যা মুক্তি পায় ১৯৭৫ সালে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে। এরপর ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পান।

একসময় তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, দিলদারকে কেন্দ্র করেই সিনেমার গল্প ও চরিত্র নির্মাণ করা হতো। অনেক পরিচালক তার জন্য আলাদা করে চিত্রনাট্য লিখতেন। কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত হলেও দর্শকপ্রিয়তার কারণে তাকে প্রধান চরিত্রে নিয়ে নির্মিত হয় 'আব্দুল্লাহ' সিনেমা, যা ব্যাপক ব্যবসাসফল হয়।

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 'তুমি শুধু আমার' সিনেমায় অভিনয়ের জন্য ২০০৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা কৌতুক অভিনেতা বিভাগে সম্মানিত হন।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসিয়েছেন ও মুগ্ধ করেছেন দিলদার। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে **'বেদের মেয়ে জোসনা' (১৯৮৯), 'বিক্ষোভ' (১৯৯৪), 'অন্তরে অন্তরে' (১৯৯৪), 'কন্যাদান' (১৯৯৫), 'চাওয়া থেকে পাওয়া' (১৯৯৬), 'সুন্দর আলী জীবন সংসার' (১৯৯৬), 'স্বপ্নের নায়ক' (১৯৯৭)** এবং **'খাইরুন সুন্দরী' (২০০২)**। তার অভিনীত এসব সিনেমা আজও দর্শকদের মনে সমানভাবে জায়গা করে আছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান পড়শীর
ছবি: সংগৃহীত
বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘দ্য ওডিসি’
শামসুল আলম ও খোরশেদ আলম খসরু। ছবি: সংগৃহীত
প্রার্থিতা ফিরে পেলেন খসরু ও শামসুল আলম