আইসিসির বিশেষ দায়িত্বে তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অঙ্গনেও নতুন স্বীকৃতি পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে। বিষয়টি আইসিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
নতুন এই দায়িত্বের মাধ্যমে শুধু বাংলাদেশের ক্রিকেট প্রশাসনেই নয়, বৈশ্বিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়েও ভূমিকা রাখবেন তামিম। তার নেতৃত্বে পরিচালিত কমিটি বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর কাঠামো, পরিচালনা এবং আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে।
বর্তমানে আইপিএল, বিগ ব্যাশ, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা ও বাণিজ্যিক গুরুত্ব দ্রুত বাড়ছে। তবে এসব লিগের ব্যস্ত সূচির কারণে অনেক সময় আন্তর্জাতিক সিরিজ আয়োজন ও ক্রিকেটারদের কাজের চাপ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম, নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্য রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়ন এখন আইসিসির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
এমন বাস্তবতায় আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারকে আরও সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে। কমিটির চেয়ারম্যান হিসেবে তামিম ইকবাল বিভিন্ন সদস্য বোর্ডের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিমালা ও সুপারিশ তৈরিতে নেতৃত্ব দেবেন।
এই কমিটিতে তামিমের সঙ্গে কাজ করবেন বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী কয়েকটি বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। সদস্য হিসেবে রয়েছেন ক্রিকেট নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
ভিওডি বাংলা/জা








মন্তব্য