• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪ মাস পর আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

সিলেট প্রতিনিধি    ৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ চার মাসের বিরতির পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) দুপুরে ম্যানচেস্টার থেকে আসা বিজি-২০৮ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে এ রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। হজ ফ্লাইট নির্বিঘ্ন রাখতে গত ১ মার্চ থেকে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। প্রায় ১২৫ দিন পর আবার চালু হলো এ সরাসরি যোগাযোগ ব্যবস্থা। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

ফ্লাইট অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা। যাত্রীসেবার মান বজায় রেখে নিয়মিতভাবে এ রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই রুটের ফ্লাইট আবার চালু হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যকর বিমানবন্দর হিসেবে গড়ে তোলা এবং আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। তিনি সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচনের আগে প্রবাসীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।

ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম জানান, মাঝখানে ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেটের মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। আবার সরাসরি ফ্লাইট চালু হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন।

এ সময় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হফিজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডিব বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ। ফাইল ছবি। ছবি: ভিওডি বাংলা
ময়মনসিংহে বাসায় ঢুকে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
অভিযুক্ত জাকির হোসেন। ছবি: সংগৃহীত
৯৯৯-এ ফোন, শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১
গ্রেপ্তারকৃত সেলিম আহমদ ওরফে অনিক ওরফে বটলা সেলিম। ছবি: পিবিআই
ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গ্রেপ্তার ১