নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (১৩ জুলাই) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে সই করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ।
অফিস আদেশ অনুযায়ী, রাজধানীর বিদ্যুৎ ভবনের ১৪তম তলায় স্থাপিত কন্ট্রোল রুমটি সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। তবে জরুরি পরিস্থিতিতে নির্ধারিত সময়ের পরও মোবাইল ফোনের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত থাকবে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-৪৭১২০৩০৯ এবং মোবাইল নম্বর ০১৭৩৯-০০০২৯৩।
আদেশে বলা হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য বিদ্যুৎ বিভাগের ১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে দেশের কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন বা কোনও সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।
প্রয়োজনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে
এ ছাড়া, কোনও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী অনিবার্য কারণে নির্ধারিত দিনে দায়িত্ব পালন করতে না পারলে নিজ উদ্যোগে অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আর








মন্তব্য