জগৎবাজারে কম পরিমাণ তেল বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজারে কম পরিমাণে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে এর আগেও শাস্তি পাওয়ার পর পুনরায় অনিয়ম করায় আদালত কঠোর ব্যবস্থা নেয়।
মঙ্গলবার (২১ জুলাই) জগৎবাজার এলাকায় জেলা প্রশাসনের বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে গত ১ জুনও প্রদর্শিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। সেই সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে কঠোরভাবে সতর্কও করা হয়।
তবে সর্বশেষ অভিযানে ওই প্রতিষ্ঠানে আবারও একই ধরনের তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে তেলের পরিমাণ পরীক্ষা করে দেখা যায়, প্রতি লিটারে প্রায় ৫০ থেকে ১০০ মিলিলিটার পর্যন্ত ঘাটতি রয়েছে। এতে ক্রেতারা নির্ধারিত মূল্যে পূর্ণ পরিমাণ পণ্য না পাওয়ায় ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
পূর্বে দণ্ডিত ও সতর্ক করার পরও একই অপরাধ পুনরায় সংঘটিত হওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(জ) ধারায় ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। তিনি আদালতের কাছে অনিয়মের বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, বাজারে ন্যায্য পরিমাপে পণ্য বিক্রি নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রির আহ্বান জানানো হয়েছে।
ভিওডি বাংলা/জা









মন্তব্য