• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিলেটের সাঁওতাল পল্লীতে চিত্রায়িত ‘বুরু চেতান’ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় সাঁওতালী ব্যান্ড সেঙ্গেল–এর নতুন মিউজিক ভিডিও ‘বুরু চেতান’ প্রকাশিত হয়েছে। আর্ট এক্সপ্রেসের সৌজন্যে নির্মিত ভিডিওটি ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

‘বুরু চেতান’ গানটির কথা ও সুর করেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‘বাংলাদিশাম মজ দিশাম’–এর রচয়িতা রেভারেন্ড যোনা মূর্মূ। তাঁর ভাষ্য, ১৯৭০-এর দশকে বান্দরবানের পাহাড়ি এলাকায় সফরের সময় পাহাড়ের চূড়ায় বাতাসে দুলতে থাকা গাছপালা আর বাতাসের সুরেলা শব্দ তাঁকে গানটি লিখতে অনুপ্রাণিত করে। দীর্ঘদিন বাংলাদেশ বেতারসহ বিভিন্ন মঞ্চে পরিবেশিত হওয়ার পর এবার নতুন সংগীতায়োজনে গানটি নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে সেঙ্গেল। এ উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন।

ব্যান্ডটির সদস্যদের ভাষ্য, ‘বুরু চেতান’ একটি ঝুমুর তালের দেশাত্মবোধক গান। নতুন প্রজন্মের কাছে সাঁওতাল সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুনভাবে গানটির সংগীতায়োজন ও ভিডিও নির্মাণ করা হয়েছে।

মিউজিক ভিডিওটির চিত্রায়ন হয়েছে সিলেট অঞ্চলের সাঁওতাল পল্লী, চা-বাগান, পাহাড়, নদী ও প্রাকৃতিক সৌন্দর্যঘেরা বিভিন্ন স্থানে। নির্মাতাদের দাবি, ভিডিওতে শুধু একটি প্রেমের গল্প নয়, বরং সিলেট অঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্কও তুলে ধরা হয়েছে।

ভিডিওটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আগষ্টিন মূর্মূ ও শিখা ক্লারা টুডু। নৃত্যে অংশ নিয়েছেন সিলেট অঞ্চলের স্থানীয় আদিবাসী শিল্পীরা।

অভিনেতা আগষ্টিন মূর্মূ বলেন, সাত বছর পর আবারও সেঙ্গেল ব্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। তাঁর মতে, দেশপ্রেমের আবহে ভালোবাসার গল্পের পাশাপাশি সিলেটের প্রকৃতি ও আদিবাসী সংস্কৃতির উপস্থাপন ভিডিওটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

মৌলভীবাজারের আদিবাসী সাঁওতাল সমাজকল্যাণ পরিষদের সভাপতি দুলাল হাঁসদা বলেন, স্থানীয় ছেলে-মেয়েরা এই ভিডিওতে অভিনয় করেছেন এবং তাদের গ্রাম, সংস্কৃতি ও জীবনযাত্রা এতে উঠে এসেছে। বিষয়টি স্থানীয় মানুষের জন্য আনন্দের।

ভিডিওটির নৃত্য পরিচালনা করেছে আদিবাসী নৃত্যদল রাহালা রিমিল। ভিডিওগ্রাফি করেছে আর্ট এক্সপ্রেস। ঐতিহ্যবাহী সাঁওতাল পোশাক-পরিচ্ছদে সহযোগিতা করেছে সানাম হেরিটেজ। সংগীত প্রযোজনা করেছে Shofar Studio। প্রকল্পটিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে গ্রাম বিকাশ কেন্দ্র, ত্রিশূল সমাজকল্যাণ সংস্থা, এমএইচ এগ্রো ও সান্তালী ক্যানভাস।

বর্তমানে সেঙ্গেল ব্যান্ডের সদস্যরা হলেন রিংকু ইমানুয়েল মার্ডী, হিমসন কিস্কু, কামেল মার্ডী, শিমুল মার্ডী, ইলিয়াস মুর্মু, শ্যামল হেম্ব্রম ও জন হেম্ব্রম। সহযোগী সদস্য হিসেবে রয়েছেন কাঞ্চন সরেন ও ডেলিয়েন্স সুকমল হাঁসদা।

ঐতিহ্যবাহী মাদল, রাহাড়, ঢোল ও বাঁশির সুরে সাঁওতাল সংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সেঙ্গেল। ‘বুরু চেতান’ সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন।

ভিওডি বাংলা/জয় খ্রীষ্টফার বিশ্বাস/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দ আব্দুল হাদী। ছবি: সংগৃহীত
সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
মুক্তির আগেই বিতর্কে অজয়ের ‘চৌহান’
ছবি: সংগৃহীত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে তৎপর নিপুণ, দেশে ফেরার চেষ্টা