• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, বাড়তে পারে বেতন-ভাতা

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ১১:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী জুলাই থেকে ধাপে ধাপে নবম পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে এ নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোর এই উদ্যোগ নতুন করে আলোচনায় এনেছে বেসরকারি খাতের চাকরিজীবীদের সুযোগ-সুবিধার বিষয়টিও। কারণ দেশে সরকারি চাকরিজীবীর তুলনায় বেসরকারি কর্মজীবীর সংখ্যা অনেক বেশি হলেও তাদের জন্য সমন্বিত বেতন কাঠামো এখনো গড়ে ওঠেনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন পে-স্কেল কার্যকর হলেও শুরুতেই সব সুবিধা একসঙ্গে বাস্তবায়ন নাও হতে পারে। প্রাথমিকভাবে সংশোধিত মূল বেতনের একটি অংশ কার্যকর করা হতে পারে। পরে পর্যায়ক্রমে অন্যান্য আর্থিক সুবিধা ও ভাতা সমন্বয় করা হবে। ফলে জুলাই থেকে কার্যক্রম শুরু হলেও পূর্ণ সুবিধা পেতে কিছুটা সময় লাগতে পারে সরকারি কর্মচারীদের।

নীতিগতভাবে আগামী ১ জুলাই থেকে পে-স্কেল কার্যকরের পরিকল্পনা ধরে রেখেই সরকার কাজ এগিয়ে নিচ্ছে। এ সংক্রান্ত আলোচনায় আর্থিক প্রভাব, প্রশাসনিক সংস্কার, বাস্তবায়ন কৌশল এবং সরকারি সেবার মান উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি জনপ্রশাসনে জবাবদিহি ও কর্মদক্ষতা বাড়ানোর দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

বর্তমানে অষ্টম জাতীয় পে-স্কেল-২০১৫ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে অঞ্চলভেদে মূল বেতনের ৪৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা রয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা, যাতায়াত সুবিধা, নির্দিষ্ট কর্মকর্তাদের জন্য গাড়ি রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সুবিধাও চালু রয়েছে।

সরকারি কর্মচারীদের দুই সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা, বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে বিশেষ ভাতাও দেওয়া হয়। নতুন পে-স্কেলে এসব সুবিধার পরিমাণ বাড়ানো বা পুনর্বিন্যাসের বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, পে-স্কেলের কাঠামো অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কত শতাংশ বেতন বাড়বে, কোন কোন ধাপে তা কার্যকর হবে এবং কোন গ্রেডে কী ধরনের সুবিধা যুক্ত হবে-এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেট্রোরেলে অর্ধেক ভাড়া কাদের জন্য, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
বাংলাদেশকে বসবাসযোগ্য বানাতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম
ছবি: সংগৃহীত
অলিম্পিক ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত