জোতার স্মৃতিতে আবেগে ভাসল পর্তুগাল

ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে জয়ের আনন্দ ছাপিয়ে ম্যাচ শেষে আলোচনায় আসে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর এক আবেগঘন মুহূর্ত। প্রয়াত সতীর্থ দিওগো জোতার ২১ নম্বর জার্সি গায়ে জড়িয়ে গ্যালারির সামনে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানান তিনি।
শুক্রবার জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে পুরো পর্তুগাল দলই তাকে স্মরণ করে। শেষ বাঁশি বাজার পর রোনালদো ও সতীর্থরা জোতার ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে সমর্থকদের অভিবাদন জানান। জয়ের উদযাপনের পরিবর্তে তাদের আবেগ নিবেদিত ছিল অকালে হারিয়ে যাওয়া এই ফুটবলারের স্মৃতির প্রতি।
ম্যাচ শুরুর আগেই টরন্টোর স্টেডিয়ামে ছিল শোকাবহ পরিবেশ। জাতীয় সংগীতের সময় বড় পর্দায় ভেসে ওঠে জোতার ছবি। গত বছর একই দিনে স্পেনের সান্তান্দারের কাছে এক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে ছোট ভাই আন্দ্রে সিলভা (২৫)-সহ প্রাণ হারান তিনি। সেই ঘটনার এক বছর পূর্তির দিনে রোনালদো ও গনসালো রামোসের গোলে জয় পায় পর্তুগাল।
ম্যাচের শেষ দিকে জোসকো গাভার্দিওলের একটি গোল ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে বাতিল হলে পর্তুগালের জয় নিশ্চিত হয়। এরপর রোনালদো ও তার সতীর্থরা জোতার জার্সি হাতে নিয়ে গ্যালারির দিকে এগিয়ে যান। আবেগঘন সেই দৃশ্য উপস্থিত দর্শকদেরও আপ্লুত করে।
চলমান বিশ্বকাপজুড়েই দিওগো জোতার স্মৃতিকে সম্মান জানিয়ে বিশেষ কালো বাহুবন্ধনী পরে মাঠে নামছেন রোনালদো, বার্নার্দো সিলভাসহ পর্তুগালের ফুটবলাররা। টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন জোতার বাবা-মা। সেদিনও বড় পর্দায় বিশেষভাবে স্মরণ করা হয়েছিল পর্তুগালের এই প্রয়াত তারকাকে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য