অপটার পূর্বাভাস: বিশ্বকাপ জয়ের দৌড়ে নতুন সমীকরণ

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগে শিরোপার সম্ভাব্য দাবিদারদের নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটা। সুপারকম্পিউটারের সর্বশেষ বিশ্লেষণে শিরোপা জয়ের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। একই সঙ্গে আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনাও।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার (৯ জুলাই) মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার মাঠে নামবে স্পেন ও বেলজিয়াম। এর আগে নকআউট পর্বের বাকি দুই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করেছে নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
বিশ্বকাপ শুরুর আগে অপটার পূর্বাভাসে শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার ছিল স্পেন। এরপর ছিল ফ্রান্স ও ইংল্যান্ড। সে সময় চতুর্থ অবস্থানে ছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের নতুন তথ্য বিশ্লেষণ করে সুপারকম্পিউটার পূর্বাভাসে পরিবর্তন এনেছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, ফ্রান্সের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭৩.৯ শতাংশ, ফাইনালে খেলার সম্ভাবনা ৪৪.৩ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৭.৩ শতাংশ, যা প্রতিযোগী দলগুলোর মধ্যে সর্বোচ্চ।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৭ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬.৪ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৩ শতাংশ।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার তৃতীয় স্থানে উঠে এসেছে। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পেলেও অপটার বিশ্লেষণে দলটির সম্ভাবনা বেড়েছে। আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.১ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬.৪ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৭.৩ শতাংশ।
চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২.৪ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৫ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ১৬.৫ শতাংশ।
অন্যদিকে, নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামের শিরোপা জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে মনে করছে অপটার সুপারকম্পিউটার।
অপটার সুপারকম্পিউটারের সর্বশেষ শিরোপা জয়ের সম্ভাবনা:
ফ্রান্স: ২৭.৩ শতাংশ
স্পেন: ২১.৩ শতাংশ
আর্জেন্টিনা: ১৭.৩ শতাংশ
ইংল্যান্ড: ১৬.৫ শতাংশ
নরওয়ে: ৬.৬ শতাংশ
সুইজারল্যান্ড: ৩.৮ শতাংশ
মরক্কো: ৩.৭ শতাংশ
বেলজিয়াম: ৩.৬ শতাংশ
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য