মেসির সতীর্থ হতে চলেছেন কেপ ভার্দের ভোজিনহা

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার সামনে খুলতে যাচ্ছে নতুন অধ্যায়। বিশ্বকাপে আলো ছড়ানোর পর এবার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এবং পর্তুগালের ‘রেকর্ড’ জানিয়েছে, ৪০ বছর বয়সী এই ফ্রি এজেন্ট গোলরক্ষককে দলে ভেড়াতে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি।
পর্তুগিজ ক্লাব চাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন ভোজিনহা।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বিশ্বকাপের শেষ বত্রিশে যে লিওনেল মেসির বিপক্ষে লড়েছিলেন, এবার সেই আর্জেন্টাইন মহাতারকার সঙ্গেই একই ড্রেসিংরুম ভাগাভাগি করবেন তিনি।
জোসিমার জোসে এভোরা দিয়াস, যিনি ফুটবল বিশ্বে ভোজিনহা নামে পরিচিত, চলতি বিশ্বকাপেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছেন। কেপ ভার্দের অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব ও অসাধারণ গোলকিপিংয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় আফ্রিকার দেশটি।
গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে চমক দেখায় কেপ ভার্দে। বিশেষ করে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে একাই সাতটি দুর্দান্ত সেভ করে ম্যাচসেরার পুরস্কার জেতেন ভোজিনহা।
শেষ বত্রিশে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিলেও পুরো ম্যাচে নিজের দক্ষতার প্রমাণ দেন এই গোলরক্ষক। লিওনেল মেসি ও আর্জেন্টিনার একের পর এক আক্রমণ প্রতিহত করে শেষ মুহূর্ত পর্যন্ত দলকে লড়াইয়ে রাখেন তিনি। সেই পারফরম্যান্সের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক প্রশংসা পান ভোজিনহা।
চলতি বিশ্বকাপের অন্যতম বড় আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। আর সেই অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবেই এবার ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সতীর্থ হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য