• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো: শামা ওবায়েদ গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ভারতের উপনির্বাচনে ফল গড়বে কি জেন-জি ভোটাররা? ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি

ভবদহের জলাবদ্ধতা নিরসনে মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি

  যশোর প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৪:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। শনিবার যশোর জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলা এবং খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার শতাধিক গ্রামের মানুষ বছরের পর বছর জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে জীবনযাপন করছেন। বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমি পানিতে তলিয়ে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্ষা এলেই হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন। কৃষি উৎপাদন, শিক্ষা, চিকিৎসা ও জীবিকা নির্বাহ কার্যত স্থবির হয়ে পড়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ভবদহ এলাকা পরিদর্শন করে আমডাঙ্গা খাল পুনঃখনন ও সংস্কার, হরি নদীসহ সংশ্লিষ্ট নদ-নদী খনন এবং স্থানীয় জনমতের ভিত্তিতে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু দুঃখজনকভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে সংকট আরও তীব্র হয়েছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হলেও দুই বছর পার হয়ে গেলেও কাজ শেষ হয়নি। অথচ এই খাল সংস্কার করা গেলে ভবদহ অঞ্চলের প্রায় ২৫ শতাংশ পানি নিষ্কাশন সম্ভব হতো। একইভাবে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে হরি ও আপার ভদ্রা নদী খননের কাজ শুরু হলেও তা এখনো সম্পূর্ণ হয়নি। ২০২৫ সালের ডিসেম্বর মাসে খর্ণিয়া ব্রিজের দক্ষিণ পাশে বাঁধ দেওয়ার ফলে নদীতে ব্যাপক পলি জমে কুলবাড়িয়া পর্যন্ত নাব্যতা কমে গেছে। বর্ষা মৌসুমে ওই বাঁধ অপসারণের কথা থাকলেও তা কার্যকরভাবে করা হয়নি। ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, গত ১৬ মে যশোরে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় বিশেষজ্ঞরা নদী খননের পাশাপাশি বিলভিত্তিক টিআরএম বাস্তবায়নের সুপারিশ করেছিলেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই নীতিগতভাবে একমত হন। কিন্তু এখনো সেই সুপারিশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে ভবদহ অঞ্চলের মানুষ আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

এ সময় ভবদহ পানি নিষ্কাশন ও ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু বলেন, জলাবদ্ধতার কারণে মানুষের জীবন এখন চরম মানবিক সংকটে পৌঁছেছে। কৃষিজমি বছরের পর বছর পানির নিচে থাকায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে। মানুষের আয়ের পথও প্রায় বন্ধ। এমনকি কেউ মারা গেলেও তাকে দাফন বা সৎকার করাও এখন এলাকাবাসীর জন্য বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মৃত ব্যক্তিকে কবর দেওয়া বা সৎকারের জন্য উঁচু বেদি তৈরি করতে হচ্ছে, যার জন্য প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। যেখানে মানুষের কোনো আয় নেই, কৃষি নেই, সবকিছু পানির নিচে তলিয়ে আছে, সেখানে একটি পরিবার কীভাবে এই অতিরিক্ত ব্যয় বহন করবে এ প্রশ্ন তুলে তিনি ভবদহবাসীকে দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ অবস্থায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি অবিলম্বে আমডাঙ্গা খালের সংস্কার কাজ সম্পন্ন, খর্ণিয়া থেকে কুলবাড়িয়া পর্যন্ত নদীর দক্ষিণ পাশের সব অস্থায়ী বাঁধ অপসারণ ও দ্রুত পলি অপসারণ, আইডব্লিউএমের সুপারিশ অনুযায়ী নদী খননের পাশাপাশি বিলভিত্তিক টিআরএম বাস্তবায়ন এবং জলাবদ্ধ এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্যসচিব চৈতন্য কুমার পাল স্বাক্ষরিত স্মারকলিপিতে ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সরকারের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন ও ভৈরব নদ সংস্কার আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিমুর রহমান, অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু, অনিল বিশ্বাস, রাজু আহম্মেদ, সাধন বিশ্বাস, আলমগীর সিদ্দিকী, শেখ মাসুদ আলম প্রমুখ।

ভিওডি বাংলা/রোহিত হোসেন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি-ভিওডি বাংলা
পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
ছবি: ভিওডি বাংলা
কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার