বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো: শামা ওবায়েদ
চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে অনেক বিনিয়োগকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি বিষয়ক রোডম্যাপ নিয়ে আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে। একই সঙ্গে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। তিনি বলেন, চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এবং এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে।
বিনিয়োগের সময়সূচি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিনিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি নির্দিষ্ট কোনো দিনক্ষণ বা সময়ের ওপর নির্ভর করে না। প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা এগিয়ে চলছে।
বিনিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের যেমন নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে, তেমনি বিদেশে বসবাসরত বাংলাদেশিদেরও দেশে বিনিয়োগ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়।
তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি দুর্বল অর্থনৈতিক কাঠামো উত্তরাধিকার হিসেবে পেয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার প্রয়োজনীয় নীতি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
সরকারের অগ্রাধিকারভিত্তিক বিনিয়োগ খাত সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি, বস্ত্র, তৈরি পোশাক, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতি, কুটির শিল্প, প্রান্তিক জনগোষ্ঠীকেন্দ্রিক উদ্যোগ এবং শিল্প-সংস্কৃতি খাতেও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ক্রীড়া খাতেও উল্লেখযোগ্য বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এ কারণে বিদেশি বিনিয়োগ আকর্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রীড়া কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে। একইভাবে সংস্কৃতি খাতেও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
ব্লু ইকোনমি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ খাত সরকারে অগ্রাধিকার তালিকায় রয়েছে। বাংলাদেশে ব্লু ইকোনমিতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশও এ খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য