ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সাক্ষাৎকালে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য ভারপ্রাপ্ত স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ইউএনওপিএসের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে প্রতিনিধিদলটি ভারপ্রাপ্ত স্পিকারের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।
আগামী ৮ আগস্ট রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠেয় ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি জানিয়ে প্রতিনিধিদলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে দেশের নারী উন্নয়নের অগ্রগতির বিষয়টি তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা এবং রাজনৈতিক ক্ষমতায়নের ভিত্তি সুদৃঢ় করতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে সময়োপযোগী ও দূরদর্শী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন।
ভারপ্রাপ্ত স্পিকার আরও উল্লেখ করেন, সরকারের এসব উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য