না ফেরার দেশে কিংবদন্তি সংগীতশিল্পী এস জানকী

দক্ষিন ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী এবং ‘নাইটিঙ্গল অব সাউথ ইন্ডিয়া’ হিসেবে পরিচিত এস জানকী আর নেই। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রজনীকান্ত, কমল হাসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়সহ ভারতের চলচ্চিত্র ও সংগীতজগতের তারকারা।
শনিবার (১১জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁকে মৃত ঘোষণা করা হয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
হাসপাতালের এক বিবৃতিতে জানা যায়, বয়সজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন জানকি। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা সিপিআরসহ প্রয়োজনীয় সব চেষ্টা করলেও তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নাতনি অপ্সরা ভাইদুলা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এই তথ্য জানান।
১৯৫৭ সালে তেলুগু চলচ্চিত্র ‘এমএলএ’-এর ‘নী আশা আদিয়াসা’ গান দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে যাত্রা শুরু করেন। ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ২০টির বেশি ভারতীয় ভাষায় প্রায় ৪৮ হাজার গান রেকর্ড করেন। ক্যারিয়ারে তিনি ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন ভাষায় ৩৩টি রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ভারত সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন জানকি। তাঁর ভাষ্য ছিল, দীর্ঘ সংগীতজীবনের তুলনায় এই স্বীকৃতি অনেক দেরিতে এসেছে। তিনি মনে করতেন, তাঁর অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রাপ্য।
ভিওডি বাংলা/তা








মন্তব্য