‘না’ বলতে শেখা আত্মসম্মানের অংশ

সবাইকে খুশি রাখতে গিয়ে অনেক সময় মানুষ নিজের ইচ্ছা, সময় ও মানসিক স্বস্তিকে উপেক্ষা করে। কারও অনুরোধ ফিরিয়ে দিতে অস্বস্তি হয়, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় কাজ করে। কিন্তু সব পরিস্থিতিতে ‘হ্যাঁ’ বলা সবসময় ভালো অভ্যাস নয়। প্রয়োজনে ‘না’ বলতে পারা মানে নিজের ইচ্ছা ও মূল্যবোধকে সম্মান করা।
বিশেষজ্ঞরা বলছেন, নিজের সীমা বা প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেওয়া সুস্থ সম্পর্ক ও মানসিক স্বস্তির জন্য গুরুত্বপূর্ণ। সব অনুরোধ গ্রহণ করলে নিজের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে ক্লান্তি ও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
‘না’ বলা মানে অসম্মান নয়। কোনো বিষয়ে সম্মতি না জানালেই সম্পর্কের অবনতি হবে, এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। ভদ্রভাবে নিজের মতামত ও সীমার কথা জানানো অসম্মানের নয়, বরং এটি ব্যক্তিগত সততা ও আত্মবিশ্বাসের প্রকাশ। নিজের সামর্থ্য, সময় ও সীমাবদ্ধতা বুঝে সিদ্ধান্ত নেওয়া সুস্থ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিজের সময় ও অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া অনেক জরুরী। প্রতিটি মানুষেরই নিজের জন্য সময়, বিশ্রাম ও ব্যক্তিগত পছন্দের প্রয়োজন রয়েছে। সবসময় অন্যের চাহিদাকে প্রাধান্য দিলে নিজের লক্ষ্য ও প্রয়োজন পিছিয়ে যেতে পারে। এছাড়াও প্রয়োজনের সময় ‘না’ বলতে না পারলে অতিরিক্ত দায়িত্ব নেওয়া বা ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয়। তাই অযাচিত চাপ এড়াতে নিজের অবস্থান স্পষ্ট করা জরুরি।
তবে ‘না’ বলারও একটি সুন্দর পদ্ধতি রয়েছে। কঠোর না হয়ে শান্তভাবে নিজের কারণ ব্যাখ্যা করা যায়। যেমন—“এই মুহূর্তে সম্ভব হচ্ছে না” বা “আমি অন্যভাবে সাহায্য করতে পারি”—এ ধরনের কথায় নিজের সীমাও বজায় থাকে, সম্পর্কও ভালো থাকে।
জীবনে সবকিছুকে গ্রহণ করা যেমন প্রয়োজন, তেমনি কিছু বিষয় থেকে দূরে থাকাও জরুরি। কারণ নিজের মূল্য, সময় ও মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়াই আত্মসম্মানের অন্যতম প্রকাশ।
ভিওডি বাংলা/ তা








মন্তব্য