প্রভাসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। ‘অ্যানিম্যাল’খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই প্যান-ইন্ডিয়ান সিনেমার কাস্টিং নিয়ে এবার শুরু হয়েছে নতুন আলোচনা।
এতদিন শোনা যাচ্ছিল, সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। তবে পারিশ্রমিক ও বিভিন্ন শর্ত নিয়ে মতবিরোধের কারণে তিনি সিনেমাটি থেকে বাদ পড়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এরপরই ‘স্পিরিট’-এ ক্যাটরিনা কাইফের যুক্ত হওয়ার খবর সামনে আসে। সবকিছু ঠিক থাকলে প্রায় ২১ বছর পর তেলুগু সিনেমায় ফিরতে পারেন এই অভিনেত্রী। এর আগে, ২০০৪ সালে ‘মলেশ্বরী’ এবং ২০০৫ সালে ‘আল্লারি পিডুগু’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
সূত্রের বরাতে জানা গেছে, ‘স্পিরিট’-এ একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ক্যাটরিনাকে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা। চরিত্রটির স্ক্রিন টাইম খুব বেশি না হলেও গল্পের গুরুত্বপূর্ণ মোড় এবং কাহিনি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা থাকবে বলে জানা গেছে।
এদিকে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তৃপ্তি দিমরি। এর মাধ্যমে তেলুগু সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।
দীপিকার সিনেমাটি থেকে বাদ পড়ার কারণ হিসেবে পারিশ্রমিক ও বেশ কিছু শর্তের কথা উঠে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি ৪০ কোটি টাকা পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লাভের অংশও চেয়েছিলেন। এছাড়া দিনে সর্বোচ্চ ৬ ঘণ্টা শুটিং, নির্দিষ্ট সময়সূচি এবং তেলুগু ভাষায় সংলাপ না বলার মতো শর্তও দিয়েছিলেন বলে খবর রয়েছে।
এসব বিষয় নিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে মতবিরোধ তৈরি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ক্যাটরিনা কাইফ সত্যিই ‘স্পিরিট’-এর প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সিনেমাটির নির্মাতা পক্ষ।
প্রভাস, তৃপ্তি দিমরি ও সম্ভাব্যভাবে ক্যাটরিনা কাইফ—এই তারকাদের সমীকরণ ‘স্পিরিট’ সিনেমায় শেষ পর্যন্ত কেমন চমক দেখায়, এখন সেটিই দেখার বিষয়।
ভিওডি বাংলা/এফএ









মন্তব্য