• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের সাবেক প্রেসিডেন্ট গৃহবন্দি

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৮:২১ পি.এম.
আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) গৃহবন্দি করেছে বলে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (১৩ জুলাই) দ্য জেরুজালেম পোস্ট, দ্য নিউইয়র্ক টাইমসের বরাতে জানায়, আহমাদিনেজাদের সঙ্গে ইসরায়েলের যোগাযোগসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের পর ইরানি কর্তৃপক্ষ তাকে আটক করে নিজ বাসভবনে গৃহবন্দি করে রেখেছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, কয়েক বছর ধরে ইসরায়েল গোপনে আহমাদিনেজাদকে গোয়েন্দা সম্পদ হিসেবে ব্যবহারের চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে সরিয়ে তাকে ক্ষমতায় বসানোর পরিকল্পনাও তদন্তে উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দ্য নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরুতে এ গোপন উদ্যোগের সূচনা হয়। সে সময় হাঙ্গেরি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা রেক্টর গেরগেই দেলিকে আহমাদিনেজাদকে জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি সম্মেলনে আমন্ত্রণ জানানোর অনুরোধ করা হয়।

দেলির ভাষ্য অনুযায়ী, তাকে জানানো হয়েছিল সম্মেলনের আড়ালে আহমাদিনেজাদ এবং ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন বৈঠকের আয়োজন করা হবে। এতে নিজের এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘যদি দুটি শত্রু পক্ষ নিজেদের মধ্যে কথা বলতে চায়, তাহলে তাদের কথা বলার সুযোগ করে দেওয়া উচিত।’

প্রতিবেদনে সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া বুদাপেস্টে গিয়ে আহমাদিনেজাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এতে আরও দাবি করা হয়, পরবর্তীকালে আহমাদিনেজাদের মুখপাত্র আলি আকবর জাভানফেকরের কাছে কয়েক দফায় গোপনে অর্থ পাঠানো হয় এবং ইসরায়েলি এজেন্টরা তার সঙ্গে একাধিক বৈঠক করেন।

এর আগে ফেব্রুয়ারিতে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছিল, আহমাদিনেজাদের বাসভবনে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। ওই হামলায় তার দেহরক্ষী ও ব্যবহৃত গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

একই প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পর মোসাদের সদস্যরা তাকে উদ্ধার করে একটি গোপন নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে পরে তিনি কেন সেই স্থান ত্যাগ করেন, তা স্পষ্ট নয়। দীর্ঘদিন জনসমক্ষে না থাকলেও পরে তাকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় দেখা যায়।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আহমাদিনেজাদ আইআরজিসির গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছেন এবং তাকে গৃহবন্দি রাখা হয়েছে।

আহমাদিনেজাদের সাবেক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আবদোলরেজা দাভারি বলেন, সাবেক প্রেসিডেন্ট অর্থের জন্য ইসরায়েলের সঙ্গে কাজ করতেন না।

তিনি বলেন, ‘তার অর্থ এবং বড় নেটওয়ার্ক রয়েছে। তিনি এটি করতেন ক্ষমতার জন্য। তিনি ক্ষমতার শীর্ষে থাকতে চান।’

আহমাদিনেজাদের আরেক সহযোগীর দাবি, বিদেশি শক্তির সহায়তায় ইরানের নতুন শাসক হওয়ার আকাঙ্ক্ষার কথা তিনি ব্যক্ত করেছিলেন। ওই সহযোগীর ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন কাউকে ক্ষমতায় আনতে পারে, যিনি ইরানে অস্থিতিশীলতা সৃষ্টি করবেন বলে তিনি আশঙ্কা করতেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে টানা তিনবার অযোগ্য ঘোষিত হওয়ার পর দেশটির রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা হারাতে শুরু করেন আহমাদিনেজাদ। তার অভিযোগ ছিল, ইরানের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে খামেনির সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছিল।

সহযোগীর দাবি অনুযায়ী, আহমাদিনেজাদ অতীতে বলেছিলেন, আবার ক্ষমতায় ফিরতে পারলে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেবেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ
ছবি: সংগৃহীত
ইতিহাস গড়ার পর কেন গতি হারাচ্ছে ইলন মাস্কের কোম্পানির শেয়ার?
ছবি: সংগৃহীত
পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু