‘ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনিতে আমি স্বচ্ছন্দ নই’

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল শুধু ভারতেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও সমান জনপ্রিয়। অভিনয় ও সৌন্দর্য দুই ক্ষেত্রেই দর্শকদের মন জয় করলেও ক্যারিয়ারে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমার সুযোগ নিজেই ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা খোলামেলা পোশাকে অভিনয়ে তিনি কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। কাজলের ভাষ্য, তিনি কখনোই এমন কোনো চরিত্রে অভিনয় করেননি, যেখানে অন্তরঙ্গ দৃশ্য বা বিকিনি পরতে হয়েছে। এসব দৃশ্যে তিনি ব্যক্তিগতভাবে অস্বস্তি অনুভব করেন বলেই প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করেননি। এ কারণে বেশ কিছু বড় ছবির সুযোগ হাতছাড়া হলেও সে সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই। নিজের ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করতে চান না বলেও জানান তিনি।
ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সংসার জীবনে পা রাখার পর মা হয়েছেন কাজল। ছেলে সন্তানের জন্মের পর অভিনয় বাছাইয়ে আরও সচেতন হয়ে উঠেছেন তিনি। অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে ছেলে যখন তার সিনেমা দেখবে, তখন যেন কোনো দৃশ্য দেখে অস্বস্তি না হয়। বরং তিনি চান, সন্তানের কাছে তার কাজ গর্বের কারণ হয়ে উঠুক। সেই ভাবনা থেকেই এখন প্রতিটি সিনেমা নির্বাচন করেন বলে জানান তিনি।
তবে নিজের অবস্থান অন্যদের ওপর চাপিয়ে দিতে নারাজ কাজল। তার মতে, পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন কি না, সেটি সম্পূর্ণ একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত। নারী-পুরুষ সবারই নিজেদের মূল্যবোধ ও স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। যদিও তার বিশ্বাস, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীরা তুলনামূলকভাবে বেশি সতর্ক থাকেন।
২০০৪ সালে ‘কিউ হো গয়া না’ সিনেমায় ছোট একটি চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজল আগারওয়াল। অল্প সময়ের মধ্যেই নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। পরবর্তীতে ‘চান্দামামা’, ‘মাগাধীরা’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান শক্ত করেন।
ভিওডি বাংলা/তা








মন্তব্য