ডিএসসিসির অভিযানে উচ্ছেদ অবৈধ নার্সারি ও দোকান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে সংস্থাটি। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা অপসারণের পাশাপাশি সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা আটটি নার্সারির মালিককে জরিমানা করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে বিশেষ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসি জানায়, নগরীর সৌন্দর্যবর্ধন, উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সবজি বাগান এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে এলাকাটি পরিষ্কার করা হয়।

এ ছাড়া সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করায় আটটি পৃথক মামলায় আটটি নার্সারির মালিকের কাছ থেকে মোট আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট নার্সারিগুলোকে রোববার সন্ধ্যা ছয়টার মধ্যে সব গাছপালা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর পরিবেশ সংরক্ষণ, সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ভিওডি বাংলা/খতিব/এমএস








মন্তব্য