• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মন্ত্রিপরিষদ সচিব

ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০৮:০০ পি.এম.
ভিসা নীতি বড় পরিবর্তন আনছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব
ছবি: ভিওডি বাংলা

বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের আকৃষ্ট করতে দেশের ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে সরকার। ২০০৬ সালের পর ২০ বছর পর নতুন করে ভিসা পলিসি ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতির মাধ্যমে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, আধুনিক ও সুশৃঙ্খল করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ১১তম বৈঠক শেষে রাজধানীর পিআইডি সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ  তথ্য জানান।

ড. নাসিমুল গনি বলেন, ২০০৬ সালে বাংলাদেশে যে ভিসা নীতি প্রণয়ন করা হয়েছিল, সেটির বাস্তবতা ও আন্তর্জাতিক পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। তাই সময়ের চাহিদা অনুযায়ী নতুন ভিসা নীতি তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, নতুন ভিসা নীতির মূল লক্ষ্য হচ্ছে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, পারস্পরিক ভিসা নীতির প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে এখন অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

তিনি বলেন, আগে আমরা মূলত রেসিপ্রোসিটির ভিত্তিতে চলতাম। অন্য দেশ আমাদের নাগরিকদের যত সুবিধা দিত, আমরাও তাদের ততটুকুই দিতাম। কিন্তু এখন বাস্তবতা বদলেছে। কোনো দেশের ব্যবসায়ী বা বিনিয়োগকারী যদি বাংলাদেশে এসে বিনিয়োগ করে, সেটি আমাদের জন্য লাভজনক। তাই প্রয়োজনে আরও বেশি সুবিধা দেওয়ার চিন্তা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

ড. নাসিমুল গনি বলেন, কেউ যদি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হন, তাহলে তাকে অযথা জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলা হবে না। এক বছর, তিন বছর বা পাঁচ বছরের মাল্টিপল ভিসার মতো সুবিধা দিলে তারা সহজে আসা-যাওয়া করতে পারবেন। এতে ব্যবসায়িক আলোচনাও বাড়বে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে অবস্থান করলেও অর্থনৈতিকভাবে দেশ লাভবান হবে। কেউ যদি বিনিয়োগের সিদ্ধান্ত নিতেও সময় নেন, তবুও তিনি এখানে অবস্থান করবেন, হোটেলে থাকবেন, রেস্টুরেন্টে খাবেন, বিভিন্ন সেবা ব্যবহার করবেন। এতে বৈদেশিক মুদ্রা দেশে আসবে, বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন ভিসা নীতিতে প্রায় ৩৪টি ক্যাটাগরি রাখা হয়েছে। এসব ক্যাটাগরির আওতায় ব্যবসায়ী, বিনিয়োগকারী, পর্যটকসহ বিভিন্ন শ্রেণির বিদেশিদের জন্য আলাদা সুবিধা নির্ধারণ করা হবে।

তিনি বলেন, এটি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে খসড়াটি আরও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সার্বিক সহায়তা দেবে।

তিনি জানান, নিরাপত্তা, পর্যটন ও বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে এক মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে।

ড. নাসিমুল গনি বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। এই বাস্তবতায় বিনিয়োগবান্ধব ও আধুনিক ভিসা নীতি সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মন্ত্রিপরিষদের বৈঠকে মোট পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই এখনও আলোচনার পর্যায়ে থাকায় বিস্তারিত জানানো হয়নি।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ-পদোন্নতিতে বেড়েছে সরকারি কর্মচারীদের সম্মানি
নিয়োগ-পদোন্নতির কাজে নিয়োজিত কর্মচারীদের সম্মানি বাড়াল সরকার
সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ
সেতুমন্ত্রী কৌশলগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী