এন্ট্রি ড্রাগ সোসাইটি’র কর্মসূচি
মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “এন্ট্রি ড্রাগ সোসাইটি” আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা দেশে মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২৭ জুন) আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক মাদক চোরাচালানকারীদের জন্য ঝুঁকিপূর্ণ করিডোরে পরিণত হচ্ছে। তিনি জানান, এশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ মাদক উৎপাদন ও পাচার অঞ্চল- গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ওয়েজের মধ্যবর্তী অবস্থানে থাকায় বাংলাদেশকে অনেক আন্তর্জাতিক চক্র ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম চালুর দাবি জানান। তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই যথেষ্ট নয়; সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডেইলি নিউনেশনের উপদেষ্টা সম্পাদক ও কলামিস্ট সৈয়দ তোশাররফ আলী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শিক্ষক নেতা অধ্যাপক শফিকুল ইসলাম, জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান প্রিন্সিপাল এ এস এম মোস্তফা কামাল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্সসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
সংগঠনের সভাপতি মো. আল হাদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক সচেতন নাগরিক অংশ নেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য