মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠ গোলদাতা ভিওডি বাংলার জয়

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শ্রেষ্ঠ গোলদাতার স্বীকৃতি অর্জন করেছেন ভিওডি বাংলার মাল্টিমিডিয়া সাংবাদিক জয় খ্রীষ্টফার বিশ্বাস। পুরো টুর্নামেন্টে তিনি ৩টি গোল করার পাশাপাশি ২টি গোলে সহায়তা (অ্যাসিস্ট) করে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পুরস্কার গ্রহণ করে জয় খ্রীষ্টফার বিশ্বাস বলেন, এই স্বীকৃতি আমার একার নয়, পুরো দলের। সতীর্থদের সহযোগিতার ফলেই আমি এই অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলার মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।
শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।
এ সময় তিনি বলেন, আমি স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশেও মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে। আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা, আধুনিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
তিনি আরও বলেন, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস, সহনশীলতা ও দলগত চেতনার শিক্ষা দেয়। তাই খেলাধুলাকে জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখতে হবে।
জেলা প্রশাসক বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ডে সাংবাদিকদের অংশগ্রহণ প্রমাণ করে, সুস্থ দেহ ও সুস্থ মনই ভালো সাংবাদিকতার অন্যতম ভিত্তি।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, যারা সুযোগের অভাবে নিজেদের মেধা বিকাশ করতে পারে না। তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা, দক্ষ কোচ, আধুনিক প্রশিক্ষণ এবং পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ থেকেও বিশ্বমানের ফুটবলার উঠে আসবে।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার নাইম ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন বলেন, সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি, সুস্থ প্রতিযোগিতা এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতেই ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আয়োজন করা হয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য