মেসির জাদুতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ছাড়াই মাঠে নেমে প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জিওভানি লো সেলসোর ফ্রি-কিকের দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পর লাউতারো মার্তিনেজ পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও শেষ দিকে বদলি হিসেবে নেমে আরেকটি দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। তার গোলেই ৩-১ ব্যবধানে সহজ জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
লিওনেল মেসিকে ছাড়াই জর্ডানের বিপক্ষে একাদশ সাজিয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে অধিনায়ককে ছাড়াও শুরু থেকেই নিজেদের স্বাভাবিক ছন্দে খেলেছে আর্জেন্টিনা। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণে চাপে রাখে জর্ডানকে।
প্রথম গোলের জন্য অবশ্য ১৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আলবিসেলেস্তেদের। ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে নিখুঁত শটে জালের দেখা পান জিওভানি লো সেলসো। এবারের বিশ্বকাপে মেসির বাইরে প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে গোল করার কৃতিত্বও গড়েন তিনি।
গোলের পরও আক্রমণের ধারা বজায় রাখে স্ক্যালোনির দল। ম্যাচের ৩০তম মিনিটে ডি-বক্সের ভেতরে আর্জেন্টিনার এক ডিফেন্ডারকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মেসি না থাকায় স্পট-কিক নিতে এগিয়ে আসেন লাউতারো মার্তিনেজ। তিনি কোনো ভুল না করে জর্ডানের জালে বল জড়িয়ে ব্যবধান ২-০ করেন।
দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল করে। শেষ দিকে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে গোল করে ৩-১ ব্যবধানে সহজ জয় নিশ্চিত করেন মেসি।
ভিওডি বাংলা/আরকেএইচ/বিন্দু








মন্তব্য