• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১২ জুলাই পর্যন্ত বন্ধ

বান্দরবান প্রতিনিধি    ৯ জুলাই ২০২৬, ১২:৪০ পি.এম.
টানা বর্ষণের কারণে আপাতত পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র।  ছবি: ভিওডি বাংলা
টানা বর্ষণের কারণে আপাতত পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র। ছবি: ভিওডি বাংলা

টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত আরও কয়েক দিন বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ জুলাই (রোববার) পর্যন্ত জেলার সব পর্যটন স্পট ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

বুধবার (৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় ভূমিধস, পাহাড় ধস, আকস্মিক ঢল ও অন্যান্য প্রাকৃতিক ঝুঁকির আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই আগের নির্দেশনার মেয়াদ বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে ৬ জুলাই জারি করা জরুরি নির্দেশনার ধারাবাহিকতায় বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে জেলার কোনো ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের প্রবেশ বা ভ্রমণের অনুমতি থাকবে না।

এ ছাড়া ট্যুর অপারেটর, ভ্রমণসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গাইড এবং সংশ্লিষ্ট সবার প্রতি জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পর্যটকদের নির্ধারিত সময় পর্যন্ত বান্দরবানে ভ্রমণ পরিকল্পনা স্থগিত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের ভাষ্য, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আবহাওয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্ত বা নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পাহাড়ধসে বান্দরবান-কক্সবাজারে ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত
৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ