• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

  চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতির পর সোমবার (২৭ জুলাই) থেকে আবারও শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা। প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরছেন এ বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী।

একই দিনে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্রের (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নেবেন।

বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিস্থিতি এবং সড়ক যোগাযোগের দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে।

সে অনুযায়ী, পরীক্ষার্থীরা বর্তমানে কার্যকর নিয়মিত সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষায় অংশ নেবেন। তবে স্থগিত হওয়ার আগে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে এ সময় দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোতে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।

চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮ জন। তারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। সারাদেশে এ পরীক্ষার জন্য ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ভিওডি বাংলা/‎আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ছবি: ভিওডি বাংলা
২৭ জুলাই থেকেই চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
জিডিডিএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সম্মতিপত্র গ্রহণের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে ফোরামের নেতারা। ছবি-ভিওডি বাংলা
জিডিডিএফের সভাপতির দায়িত্বে জাবি ভিসি