দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে: মিনু

রাজশাহী প্রতিনিধি:
যে যেভাবেই বলুক না কেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
শুক্রবার (৩০মে) রাজশাহীর শাহমখদুম দরগা শরীফের সামনে বিএনপি প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, 'আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।'
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিনু বলেন, 'শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার যে আদর্শে আজকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তার নেতৃত্বে আবার স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।'
জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এম







