নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মাহে আলম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহে আলম পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি সোনাখালীর বাবরকপুর এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।
দুর্ঘটনায় আহতরা হলেন- আলিনুর (২৫), সুরুজ মিয়া (৩০), শহিদ (২৮) এবং টিকা খান (৩৫)।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় পথচারী মাহে আলমও ট্রাকের আঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য