সুনামগঞ্জ মেডিকেল কলেজ
মেডিকেল শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ দুঃখজনক- ডা. রফিকুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাধারণ জনগণকে লোক দেখানো খুশি করার জন্য রাজনৈতিক বিবেচনায় কোনোরকম পরিকল্পনা ছাড়া জেলায় জেলায় ফ্যাসিস্ট সরকারের পরিবারের সদস্যদের নামে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে স্বাস্থ্য শিক্ষাকে বিপদগামী করা হয়েছে বারবার। তারই ধারাবাহিকতায় পতিত সরকারের অনুমোদিত ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার বিবেচনায় ছিলো অন্তবর্তীকালীন সরকার ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। কোমলমতি শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার আজীবন লালিত স্বপ্ন নিয়ে যে প্রহসন বিগত মাফিয়া সরকার করেছে তার যেমন সমধান হওয়া দরকার ঠিক একইভাবে এইসব মেডিকেলে ইতোমধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করাও আমাদের দায়িত্ব।
মঙ্গলবার ২২ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও নিজস্ব হাসপাতালের মত যৌক্তিক দাবিতে করা শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ করাকে বিগত ফ্যাসিস্ট সরকারের কথা মনে করিয়ে দেয়। যে কোন আন্দোলনই হতে হবে যৌক্তিক, নিয়মতান্ত্রিক ও জনগণের জানমালের ক্ষতি না করে। শিক্ষার্থীদের আন্দোলন দমনের এটা কোনো ভাষা হতে পারে না। দেশের প্রয়োজনে এইসব শিক্ষার্থীরা যেন একজন দক্ষ চিকিৎসক হয়ে সেবা প্রদান করতে পারে সেই ব্যবস্থা না করে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের দমননীতি ও এই ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, অনতিবিলম্বে দেশের সকল মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার বন্দোবস্ত করার দাবী জানাই এবং একইসাথে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর এই ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভিওডি বাংলা/ এমপি






