ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির র্যালি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টায় এ প্রতিবাদ ও সংহতি র্যালি শুরু হয়েছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার ঘুরে বাংলামোটরে গিয়ে শেষ হবে র্যালিটি।
র্যালির আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে র্যালীপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সমাবেশে বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
এছাড়া মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নীরব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, পেশাজীবী নেতা কাদের গনি চৌধুরী ও সাঈদ খানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশ নিয়ে ইসরাইলের নির্মম হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানান বিএনপির নেতারা। ঢাকার পাশাপাশি দেশের অন্য মহানগরেও উল্লিখিত কর্মসূচি পালন করছে বিএনপি।
ভিওডি বাংলা/ এমএইচ







