• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধর্ষণের বিচার চেয়ে মধ্যরাতে বেরিয়ে এলো ঢাবি ছাত্রীরা

   ৯ মার্চ ২০২৫, ১২:৩৮ পি.এম.

ঢাবি প্রতিনিধি 

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়ার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার চেয়ে মধ্যরাতে হল থেকে বেরিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীরা। শনিবার রাত সাড়ে ১২টার পর কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হন।

পরে ক্যাম্পাসে মিছিল বের হলে এতে অন্য হলগুলোর নারী শিক্ষার্থীরা যোগ দেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাত ১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।

এ সময় ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন ছাত্রীরা। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেন ঢাবির বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যা ৭টার দিকে তারা রোকেয়া হল থেকে মিছিল বের করেন। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে ফের রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘রোকেয়া হলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

এ সময় ছাত্রীরা বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। ধর্ষকদের গ্রেপ্তার করার পর তাদের কি বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা আমরা বাস্তবায়ন হতে দেখতে পাই না।

তারা দাবি করেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন মহিলা জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা অ্যারেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হব না।

মিছিলে এক শিক্ষার্থী বলেন, ‘আপনারা জানেন গত কয়েক দিন ধরে বাংলাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের হেনস্তার ঘটনা ঘটছে। যা এ দেশের নাগরিক প্রতিটি মেয়ের জন্য উদ্বেগজনক। তাই যারা নারীদের অসম্মান করে, ধর্ষণ করে তাদের বেঁচে থাকার অধিকার নেই।’ রোকেয়া হলের ছাত্রী আবিদা সুলতানা পুষ্প বলেন, ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে আজ মশাল মিছিল বের করেছি। সম্প্রতি ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িতদের আমরা প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।

ভিওডি বাংলা/এম, 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়, বহিষ্কার ছাত্রদল নেত্রী
জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়, বহিষ্কার ছাত্রদল নেত্রী
ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল জবি ছাত্রদল
ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল জবি ছাত্রদল
শিগগিরই সমাবর্তনসহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট
শিগগিরই সমাবর্তনসহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট