জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থাপনাগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, মতিঝিলের মতো ব্যস্ত এলাকায় প্রাণঘাতী বিস্ফোরক উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
তিনি বলেন, এ ধরনের দেশবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। তাই এ ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকতে হবে।
মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। এ কারণে মেট্রোরেল স্টেশনসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি সমবেদনা জানান এবং তার উন্নত চিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানান।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য