• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আর্জেন্টিনাকে বিদায় বললেন নিকোলাস ওটামেন্ডি

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ১০:০৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আন্তর্জাতিক আসর। সেই ঘোষণা বাস্তবায়ন করে এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক।

আর্জেন্টিনার হয়ে ১৩৯ ম্যাচ খেলা ওটামেন্ডির শেষ উপস্থিতি ছিল সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে। স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি। শিরোপা ধরে রাখতে না পারলেও গর্বের সঙ্গেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই তারকা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ওটামেন্ডি লিখেছেন, “আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের পরিহাস, আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপের ফাইনাল। কাঙ্ক্ষিত ফল না পেলেও মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দল শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।”

বিশ্বকাপজয়ের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।”

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন ওটামেন্ডি। সম্প্রতি তিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। এর আগে ইউরোপে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে প্রায় ১৬ বছর খেলেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

বিদায়বার্তায় ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তাও দিয়েছেন তিনি।

ওটামেন্ডি বলেন, “আমি হৃদয়ে প্রশান্তি নিয়ে বিদায় বলছি। এই জার্সির জন্য নিজের সর্বস্ব দিয়েছি, কখনো বিশ্বাস হারাইনি। তোমরাও কখনো বিশ্বাস হারাবে না। এই জার্সি তাদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে।”

তিনি আরও বলেন, “মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও। কোনো পরাজয় যেন তোমাদের স্বপ্ন কেড়ে নিতে না পারে। আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা ফুটবলের পরবর্তী গৌরবময় অধ্যায় লিখবে তোমরাই।”

বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী নিকোলাস ওটামেন্ডির বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের একটি গৌরবময় অধ্যায়ের অবসান ঘটল।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অবসর নিতে চলেছেন রোনালদো, জানা গেল দিনক্ষণ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং নিয়ে যা জানাল ফিফা
ছবি: সংগৃহীত
মেসির সতীর্থ হলেন কাসেমিরো