প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিরোধী জোট 'ইন্ডিয়া'-র শীর্ষ নেতারা বৃহস্পতিবার লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকে বসেছেন।
এ বৈঠক ঘিরে রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং বাসভবনের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন বিরোধী দলের নেতারা একে একে রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছান। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষার্থীদের আন্দোলন এবং বিরোধী জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেওয়া নেতারা জোটের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং জানান, শিক্ষার্থীদের দাবির পক্ষে তারা সম্মিলিতভাবে আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে দিনেই রাহুল গান্ধীর নেতৃত্বে 'ইন্ডিয়া' জোটের সাংসদরা তিস জানুয়ারি মার্গে অবস্থিত গান্ধী স্মৃতিতে যান। সেখানে তারা নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানান এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।
গান্ধী স্মৃতিতে যাওয়ার আগে রাহুল গান্ধী বলেন, "আমরা সেই শিক্ষার্থীদের স্মরণ করতে যাচ্ছি, যারা নিট প্রশ্নফাঁসের ঘটনার পর আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। একই সঙ্গে আমরা তাদের পাশে দাঁড়াতে যাচ্ছি, যারা ন্যায়বিচার ও জবাবদিহির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছে।"
তিনি বলেন, "ভারতের শিক্ষার্থীরা একা নয়। পুরো বিরোধী জোট তাদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য দাবিকে সমর্থন করছে।"
এদিকে রাজধানীতে চলমান বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাহুল গান্ধীর বাসভবনের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।
নিট প্রশ্নফাঁস এবং বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।
বিরোধী জোটের নেতারা অভিযোগ করছেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির জবাব না দিয়ে সরকার তাদের আন্দোলন দমনে পুলিশি শক্তি ব্যবহার করছে। অন্যদিকে সরকার বলছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাই তাদের প্রধান লক্ষ্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চলমান এই সংকট ভারতের জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এমন পরিস্থিতিতে বিরোধী জোটের ঐক্য প্রদর্শনের লক্ষ্যেই রাহুল গান্ধীর বাসভবনে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য