কড়া ব্যারিকেডের মধ্যে ‘গান্ধী স্মৃতি’র পথে রাহুল
প্রশ্নফাঁস ও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র শীর্ষ নেতাদের নিয়ে গান্ধী স্মৃতির উদ্দেশে পদযাত্রা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ও ব্যারিকেড থাকা সত্ত্বেও তারা এই কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী জোটের বৈঠক শেষে নেতারা তিস জানুয়ারি মার্গে অবস্থিত গান্ধী স্মৃতির উদ্দেশে রওনা দেন। শুরুতে তারা বাসে যাত্রা করলেও পরে ব্যারিকেডের কারণে নির্ধারিত পথের একটি অংশ হেঁটে অতিক্রম করেন।
যাত্রার আগে রাহুল গান্ধী বলেন, "শিক্ষার্থীরা একা নয়। পুরো বিরোধী জোট তাদের পাশে রয়েছে।"
তিনি বলেন, তারা সেই শিক্ষার্থীদের স্মরণ করতে গান্ধী স্মৃতিতে যাচ্ছেন, যারা নিট প্রশ্নফাঁসের ঘটনার পর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের প্রতিও সংহতি জানাতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
রাহুল অভিযোগ করেন, ন্যায়বিচার ও জবাবদিহির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা হয়েছে। তার ভাষায়, দেশের শিক্ষার্থীরা ন্যায্য দাবির জন্য আন্দোলন করছে এবং বিরোধী জোট সেই দাবির পক্ষে রয়েছে।
এদিকে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাহুল গান্ধীর বাসভবন এবং গান্ধী স্মৃতির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং একাধিক স্থানে ব্যারিকেড বসানো হয়।
নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। এই ইস্যুকে কেন্দ্র করে সংসদেও সরকার ও বিরোধীদের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য