ফুটবলকে দলীয়করণে খেলাধুলার মান নষ্ট হয়েছে: ডিএসসিসি প্রশাসক

খেলাধুলাকে দলীয়করণের কারণে দেশের ফুটবল ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, একসময় যে বাংলাদেশ এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত, এখন শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের মতো দলের কাছেও হেরে যেতে হয়।
রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডি ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ২০২৬’ উপলক্ষে বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একসময় আবাহনী-মোহামেডানের খেলা দেখতে ঢাকা স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় হতো। কিন্তু এখন খেলা হলেও স্টেডিয়াম পূর্ণ হয় না। এর পেছনে খেলাধুলার পরিচালনায় দীর্ঘদিনের সংকট ও দলীয়করণকে দায়ী করেন তিনি।
আবদুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দেশের ফুটবলে আধুনিকায়নের সূচনা হয়েছিল। সেই সময় বাংলাদেশ এশিয়ার ফুটবলে নিজেদের অবস্থান তৈরি করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে দেশের ফুটবল আবার ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। অল্প উপকরণেই এই খেলা আয়োজন করা যায়। তাই ফুটবলের প্রসারে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত করে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন আবদুস সালাম বলেন, খেলাধুলার প্রসার ঘটলে যুবসমাজ সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে।
ধানমন্ডির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীর সঙ্গে সমন্বয় করে ধানমন্ডিকে আরও নান্দনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করব।
ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিক হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, লেক সংরক্ষণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
ভিওডি বাংলা/খতিব/আ








মন্তব্য