প্রতিমন্ত্রী ইশরাকের উদ্যোগে অনুদান পেল ৭৩ প্রকল্প

ঢাকা-৬ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ১ কোটি ৬০ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের উদ্যোগে তিন ধাপে এই অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের আওতাধীন সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ডিসি অফিসের আওতাধীন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআরবি) প্রকল্পের মাধ্যমে এই অর্থ প্রদান করা হচ্ছে।
ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে নেওয়া এই উদ্যোগের আওতায় ঢাকা-৬ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নকাজে মোট ৭৩টি প্রকল্পের জন্য এই অনুদান দেওয়া হচ্ছে।
এর মধ্যে প্রথম ধাপে ২০টি প্রকল্পের অনুকূলে ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে ৪১টি প্রকল্পের উন্নয়নকাজের জন্য দেওয়া হয় ৯০ লাখ টাকা। তৃতীয় ধাপে ১২টি প্রকল্পের বিপরীতে আরও ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে স্বচ্ছতার সঙ্গে সরাসরি সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এ উদ্যোগের জন্য স্থানীয় এলাকাবাসী ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য