মন্ত্রিত্ব কোনো বিষয় নয়, মানুষের সমর্থনই সবচেয়ে বড়: ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মন্ত্রিত্ব তাঁর কাছে মূল বিষয় নয়। এলাকার মানুষের সমর্থন ও ভালোবাসা ধরে রেখে তাঁদের জন্য কাজ করে যাওয়াই তাঁর লক্ষ্য।
সোমবার (২০ জুলাই) রাজধানীর সদরঘাট এলাকায় জনসাধারণের সাথে ফিফা বিশ্বকাপ-২০২৬ আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল ম্যাচ দেখার সময় সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমার এলাকার মানুষই আমার বন্ধু। আমার সাথে যারা নেতাকর্মীরা আছেন, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আছেন, তারাই আমার বন্ধু, তারাই আমার পরিবারের মত।
ইশরাক হোসেন বলেন, ‘মন্ত্রী কোন বিষয়ই না। আমার যতক্ষণ আমার এলাকার মানুষ, জনগণ আমার প্রতি সমর্থন রাখবে, মন্ত্রিত্ব বলেন বা অন্য অনেক দায়িত্বশীল পদ আসবে যাবে। কিন্তু মূল বিষয় হচ্ছে আমার এলাকার মানুষের সমর্থন, তাদের ভালোবাসা, সেটাকে ধরে রাখা, তাদের জন্য কাজ করে যাওয়া। এটিই আমি করে যাব ইনশাআল্লাহ।’
শৈশবের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, তাঁর বাবা মরহুম সাদেক হোসেন খোকা একজন ক্রীড়ানুরাগী ছিলেন। তাঁর মাধ্যমেই ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল।
তিনি বলেন, ‘শৈশবের অনেক কথাই মনে পড়ে। বিশেষ করে আমার পিতা, মরহুম সাদেক হোসেন খোকা, উনার কথা মনে পড়ে। উনি একজন ক্রীড়ানুরাগী ছিলেন। এবং উনার মাধ্যমেই আমি ছোটবেলা থেকেই বিভিন্ন খেলাধুলার প্রতি আগ্রহ জন্মেছে। আমরা নিজেরাও খেলেছি, খেলা ফলো করেছি, দেখেছি। তো আমার বাবার সাথে ছোটবেলায় ওয়ার্ল্ড কাপ খেলা দেখতাম। সেই কথাগুলো তো মনে পড়ে, অবশ্যই।’
ভিওডি বাংলা/সবুজ/আ








মন্তব্য