মানিকগঞ্জে সেলফি বাস খালে, নিহত ১, আহত ১২

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত এবং ১০-১২ জন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ার হোসেন (৫০) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন জেলা ও উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সেলফি পরিবহনের বাসটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আরেকটি বাসকে ওভারটেক করার সময় সামনের চাকা ফেটে যায়। এতে বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখানের একটি খালে পড়ে যায়।
ওসি হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য