{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি    ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ পি.এম.
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিথির বক্তব্য দেন আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিথির বক্তব্য দেন আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা

পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। 

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই আয়োজন কেবল একটি কর্মসূচির সূচনা নয়; বরং আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার একটি সম্মিলিত অঙ্গীকার। শিশুদের হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ এবং পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে কাজ করছে। উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা লাগানো নয়। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্ব পালন এবং পরিবেশ রক্ষায় ব্যক্তিগত অঙ্গীকারের প্রতীক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আফরোজা খানম। তিনি বলেন, জনগণের বিশ্বাস ও সমর্থনই তাঁকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করে। জেলার উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

পরে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নেত্রকোনায় নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াতে সেমিনার
ছবি: সংগৃহীত
গৌরীপুরে গ্রামীণ সড়ক পরিকল্পনায় তথ্য যাচাইকরণ কর্মশালা
ভোলার লালমোহনে একটি বসতঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় জেলেদের জন্য বরাদ্দ ৩৪ বস্তা সরকারি চাল। ছবি: সংগৃহীত
ভোলায় খাটের নিচে মিলল জেলেদের ৩৪ বস্তা সরকারি চাল