• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেখ হাসিনার ক্ষমা হতে পারে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৯:২২ পি.এম.
রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিশু, কিশোর ও তরুণ হত্যার পর শেখ হাসিনার ক্ষমা হতে পারে না। যে রক্তপাত হয়েছে। এরপর শেখ হাসিনার আবার দেশে ফিরে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ইতিহাসে বিভিন্ন সময়ে মানুষের প্রতিরোধের বহু দৃষ্টান্ত রয়েছে।

জার্মান বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার প্রতিরোধ এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে বাংলার প্রতিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনেও মানুষ অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তুলেছিল।

রিজভী জানান, ২০২৪ সালের ১১ জুলাই দলীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালানোর খবর পেয়ে তিনি আত্মগোপনে চলে যান। এরপর বিভিন্ন স্থান থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরেন এবং ছাত্রদের কর্মসূচিতে বিএনপির সমর্থনের কথা জানান।

তিনি বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে। এরপর যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগসহ বিভিন্ন এলাকায় গুলিতে বহু মানুষ নিহত হন। তাঁর ভাষ্য অনুযায়ী, শুধু বিএনপি বা ছাত্রদল নয়, জামায়াত, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির মানুষও আন্দোলনে অংশ নেন এবং গুলির মধ্যেও প্রতিরোধ গড়ে তোলেন।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ১৯ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশের কর্মসূচি ছিল। সে সময় যোগাযোগব্যবস্থা কার্যত বন্ধ ছিল। নানা বাধা পেরিয়ে প্রেসক্লাবে পৌঁছানোর পর পুলিশ সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জ চালায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকাকালে তিনি আন্দোলনের বিস্তার সম্পর্কে জানতে পারেন। একই সঙ্গে বিএনপির বিভিন্ন নেতার ওপর নির্যাতনের অভিযোগও করেন তিনি।

শেখ হাসিনার প্রসঙ্গে রিজভী বলেন, 'শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারীর মাফ হবে কী করে? যে রক্তপাত হয়েছে, তারপর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ থাকা উচিত নয়।'

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বারবার প্রতিরোধ করেছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে প্রতিরোধ গড়ে তুলবে।

এ সময় যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগসহ বিভিন্ন এলাকায় এবং সারাদেশে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন রুহুল কবির রিজভী।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রমুখ।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে: মোস্তাফিজুর রহমান ইরান
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে: মোস্তাফিজুর রহমান ইরান
জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির
জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির
ছবি: সংগৃহীত
ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ