• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাজারে ‘শিকল সাইজি’ সেজে আত্মগোপন, ৫ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ১২:৪৬ পি.এম.
লিটন| ছবি: ভিওডি বাংলা
লিটন| ছবি: ভিওডি বাংলা

মাগুরার বহুল আলোচিত মানিক লাল ডোম হত্যা মামলার পর থেকেই যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন অন্যতম প্রধান আসামি লিটন (৪৮)। গ্রেপ্তার এড়াতে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরেছেন, আশ্রয় নিয়েছেন বিভিন্ন মাজারে। নিজের পরিচয় গোপন করতে ধারণ করেন ‘শিকল সাইজি’ ছদ্মবেশ। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পালিয়ে থাকলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি।

র‌্যাব-৪ জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লিটনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত ১৫ জুলাই রাতে রাজধানীর শাহআলী থানার শাহ-আলী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৯ জুন রাতে মাগুরা সদর উপজেলার হাসপাতালপাড়া (ডোমপাড়া) এলাকার নিজ বাড়িতে ৯ বছর বয়সী ছেলে সানবাবুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মানিক লাল ডোম। পরদিন ভোরে ঘুম থেকে উঠে শিশুটি বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে উঠে আসে, গাঁজা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে মানিক লালের সঙ্গে লিটন, ঝন্টুসহ কয়েকজনের বিরোধ তৈরি হয়েছিল। মামলার আরেক আসামি মেহেদী হাসান আকাশ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, ওই বিরোধের জের ধরে ঘুমন্ত অবস্থায় মানিক লালের ঘরে ঢুকে ধারালো দা দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়।

হত্যার পর থেকেই লিটন আত্মগোপনে চলে যান। র‌্যাব বলছে, গ্রেপ্তার এড়াতে তিনি দেশের বিভিন্ন মাজারে 'শিকল সাইজি' পরিচয়ে বসবাস করতেন এবং এভাবেই প্রায় পাঁচ বছর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।

তবে শেষ পর্যন্ত সেই কৌশল কাজে আসেনি। গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে শাহ-আলী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিটনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এম আই/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবান
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে লঘুচাপের নতুন শঙ্কা
ছবি: সংগৃহীত
তিতাস নদীর তীর ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা